ওয়েব নিউজ |
ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটিতে দীর্ঘদিন ধরে আলোচিত দুই পরিচিত মুখ রব্বানী খান এবং ইরফান ভাতিজা। গত কয়েক বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে ঘিরে বিভিন্ন পোস্ট, ভিডিও, লাইভ ও পাল্টাপাল্টি বক্তব্যের মাধ্যমে তাদের বিরোধ প্রকাশ্যে এসেছে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সেই দ্বন্দ্বকে আরও তীব্র আলোচনায় নিয়ে এসেছে।
গত ২ আগস্ট রব্বানীর একটি অনুষ্ঠান ফ্রাঙ্কো-বাংলা সামার ফেস্ট-এ অনুষ্ঠানে লটারির পুরস্কার হিসেবে একটি বিএমডব্লিউ গাড়ি দেওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। এ বিষয় নিয়ে ইরফান "ভাতিজা" একাধিক ভিডিও প্রকাশ করে বিভিন্ন প্রশ্ন ও সমালোচনা তুলে ধরেন। তার ভিডিওগুলোর নিচে অসংখ্য নেটিজেন্ডরা নানা ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকেন, যা বিষয়টিকে আরও আলোচিত করে তোলে।
এরই ধারাবাহিকতায় ৪ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় রব্বানী খান তার সঙ্গে থাকা শান্ত নামের এক ব্যক্তিকে নিয়ে ইরফানের অফিসে যান। ভিডিওতে দেখা যায়, দুই পক্ষের মধ্যে কথোপকথনের একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ইরফান পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।
তবে এ ঘটনার বিষয়ে নিজের ভিডিও বার্তায় রব্বানী খান ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তার দাবি, পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর লেখা ও মন্তব্য প্রকাশের কারণেই তিনি বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করতে ইরফানের অফিসে গিয়েছিলেন। রব্বানীর ভাষ্য অনুযায়ী, তিনি সেখানে গিয়ে বসে কথা বলতে চাইলেও ইরফান তাকে দেখেই উত্তেজিত হয়ে পড়েন এবং বসার সুযোগও দেননি। তিনি দাবি করেন, পুরো বিষয়টি ভাইরাল হওয়া ভিডিওতেই দেখা গেছে।
অন্যদিকে, ঘটনার পর ইরফান ভাতিজা একাধিক ভিডিও ও পোস্টে দাবি করেন, রব্বানী খান ও তার সঙ্গে থাকা ব্যক্তি হুমকিমূলক আচরণ করে তার অফিসে প্রবেশ করেছিলেন। তিনি আরও দাবি করেন, ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির মধ্যে এমন ঘটনা এর আগে ঘটেনি।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। বিভিন্ন পক্ষ থেকে নানা ধরনের মতামত ও মন্তব্য করা হচ্ছে। কেউ রব্বানী খানের সমালোচনা করছেন, আবার কেউ পুরো ঘটনাটিকে দুই পক্ষের দীর্ঘদিনের ব্যক্তিগত বিরোধের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।
৫ আগস্ট উভয় পক্ষই পৃথক ভিডিও বার্তায় জানান, বিষয়টি এখন আইনি প্রক্রিয়ায় রয়েছে। তারা আদালতের আশ্রয় নিয়েছেন এবং আইন অনুযায়ী বিষয়টির নিষ্পত্তি হবে। একই সঙ্গে রব্বানী খান সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্ক করে বলেন, ভবিষ্যতে কেউ মানহানিকর বা উসকানিমূলক পোস্ট করলে সেগুলোর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
এদিকে ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির অনেক গণ্যমান্য ব্যক্তি মনে করছেন, এই বিরোধ শুধু দুই ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং পুরো কমিউনিটির ভাবমূর্তিকেও প্রভাবিত করছে। তাদের মতে, দীর্ঘদিনের এই দ্বন্দ্বের কারণে বিভক্তির পরিবেশ তৈরি হয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইতিবাচক বার্তা বহন করে না।
কমিউনিটির অনেকেই মনে করেন, আইনি লড়াইয়ের পাশাপাশি দুই পক্ষের সম্মানিত মুরব্বি, কমিউনিটি নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীদের উদ্যোগে একটি গোলটেবিল বৈঠকের মাধ্যমে আলোচনার পথ খোঁজা যেতে পারে। তাদের ভাষায়, আদালত আইনি রায় দিতে পারে, কিন্তু সম্পর্কের দূরত্ব কমাতে পারে কেবল সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও সদিচ্ছা।
এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটিতে, এই দীর্ঘদিনের দ্বন্দ্বের সমাপ্তি কি আদালতের রায়ে হবে, নাকি আলোচনার টেবিলে বসে এমন একটি সমাধান আসবে, যা পুরো কমিউনিটির জন্য ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে?
