ওয়েব নিউজ |
ফ্রান্সের প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী বাংলার মেলা। ‘এসোসিয়েশন সেকানো বাঙালি’র আয়োজনে সেন্ট-ডেনিস এলাকার লাকর্ণব পার্কে এই মেলার আয়োজন করা হয়।
বাংলার সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে প্রবাসী প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়।
দুই দিনব্যাপী মেলায় ছিল বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির নানা আয়োজন। শিশুদের জন্য খেলাধুলা, বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পাশাপাশি অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া মেলায় বিভিন্ন ধরনের পোশাকের দোকান এবং বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবারের দোকান অংশগ্রহণ করে।
মেলার উদ্বোধন করেন প্রেসিডেন্ট দু কনসেই ডিপার্টমেন্টাল দু লা সেইন-সাঁ-দেনি, স্তেফান ত্রুসেল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশন সেকানো বাঙালির সভাপতি শরুফ সোদেইল, লিগ্যাল এইডের এক্সিডেন্ট আজাদ মিয়া,কবি লোকমান আহমদ আপন, গ্লোবাল জালালাবাদের শাহেদ মিয়া, সাংবাদিক বদরুল বিন আফরোজ, কুদ্দুস মিয়াসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মেলায় অংশ নেন ফ্রান্সে বসবাসরত বিভিন্ন শ্রেণি ও পেশার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি। পরিবার-পরিজন নিয়ে মেলায় অংশগ্রহণ করে অনেকেই আনন্দ প্রকাশ করেন।
অংশগ্রহণকারীরা জানান, প্রবাস জীবনের ব্যস্ততার মধ্যে এ ধরনের আয়োজন তাদের জন্য এক টুকরো বাংলাদেশকে কাছে পাওয়ার অনুভূতি তৈরি করে। বিশেষ করে বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও খাবারের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করার ক্ষেত্রে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অন্যদিকে মেলায় অংশ নেওয়া নতুন উদ্যোক্তা ও দোকানিরাও এ ধরনের আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, প্রবাসে বাংলাদেশি পণ্য ও খাবার নিয়ে ব্যবসার সুযোগ তৈরি করার পাশাপাশি নতুন ক্রেতাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রেও এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দুই দিনব্যাপী নানা আয়োজনের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলার মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও প্রবাসে বাংলার সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
