ওয়েব নিউজ |
ফ্রান্সের রাজধানী প্যারিসে পরিবেশ সচেতনতা, নাগরিক দায়িত্ববোধ ও সামাজিক সংহতি বাড়ানোর লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশি সংগঠন সলিদারিতে আজি ফন্স, SAF সংহতি সংগঠন।
শনিবার, ১৯ সেপ্টেম্বর সকালে প্যারিসের ১৮ নম্বর প্রশাসনিক এলাকার জুল জুফ্রাঁ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রেসিডেন্ট এনকে নয়নের নেতৃত্বে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানে বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবী, স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা অংশ নেন। কর্মসূচিতে সহযোগিতা করে প্যারিসের ১৮ নম্বর প্রশাসনিক এলাকার মেয়রের কার্যালয়।
সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ অভিযানে অংশগ্রহণকারীরা সড়ক, ফুটপাত ও জনসাধারণের ব্যবহৃত বিভিন্ন স্থান পরিষ্কার করেন। পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি পরিবেশ রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা এবং জনপরিসর পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করা হয়।
আয়োজকেরা বলেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য সমাজ গড়ে তুলতে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। এর জন্য স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। পরিচ্ছন্নতা অভিযান সেই পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়িত্ববোধকে আরও শক্তিশালী করে।
অনুষ্ঠানে প্যারিসের ১৮ নম্বর প্রশাসনিক এলাকার এক আফ্রিকান বংশোদ্ভূত ফরাসি জনপ্রতিনিধি বলেন, এশিয়া-ফ্রান্স সংহতি সংগঠনের সঙ্গে তিনি ছয় বছরের বেশি সময় ধরে এ ধরনের উদ্যোগে যুক্ত রয়েছেন। এবারের আয়োজনও বিভিন্ন দেশের মানুষের মধ্যে সহযোগিতা, সংহতি ও পরিবেশ সুরক্ষার বার্তা ছড়িয়ে দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন। কর্মসূচিতে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীদের তিনি ধন্যবাদ জানান।
এ সময় পরিচ্ছন্নতা বিষয়ে দায়িত্ব পালন করা এক ফরাসি সাবেক উপমেয়রও এ ধরনের সামাজিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। দীর্ঘদিন ধরে পরিচালিত এ ধরনের কর্মসূচি স্থানীয় পর্যায়ে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পরিচ্ছন্নতা অভিযান শেষে অংশগ্রহণকারীরা একত্রিত হন। পরে কর্মসূচিতে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
সংগঠনের প্রেসিডেন্ট এনকে নয়ন বলেন, পরিচ্ছন্নতা অভিযান আয়োজনের মূল লক্ষ্য হলো পরিবেশ রক্ষার পাশাপাশি বিভিন্ন দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা ও সামাজিক সম্প্রীতি বাড়ানো। তিনি কর্মসূচিতে অংশ নেওয়া স্বেচ্ছাসেবী, স্থানীয় প্রশাসন, সহযোগী সংগঠন ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান।
আয়োজকেরা জানান, পরিবেশ সচেতনতা ও সামাজিক সম্প্রীতি জোরদারে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। সংগঠনটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি ফ্রান্সে বাংলাদেশি প্রবাসীদের সামাজিক অংশগ্রহণ এবং ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রেও ভূমিকা রাখছে।
