ওয়েব নিউজ |
শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি, অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ক্ষতিকর প্রভাব কমানো এবং বিদ্যালয়ে সামাজিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে ফ্রান্স সরকার নতুন পদক্ষেপ নিয়েছে। আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে দেশটির উচ্চবিদ্যালয় পর্যায়েও শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।
ফ্রান্সের জাতীয় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়, কলেজ এবং উচ্চবিদ্যালয়, অর্থাৎ শিক্ষাজীবনের সব স্তরেই শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোনমুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় মোবাইল ফোনের পাশাপাশি অন্যান্য ইলেকট্রনিক যোগাযোগ ও সংযুক্ত ডিভাইসও থাকবে।
তবে শিক্ষার্থীদের চিকিৎসাজনিত প্রয়োজন, প্রতিবন্ধকতা অথবা বিশেষ শিক্ষাগত প্রয়োজনে ব্যতিক্রম রাখা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজেদের অভ্যন্তরীণ নিয়ম অনুযায়ী ফোন কোথায় এবং কীভাবে সংরক্ষণ করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।
ফরাসি শিক্ষা মন্ত্রণালয়ের মতে, অতিরিক্ত স্ক্রিন ব্যবহার শিক্ষার্থীদের মনোযোগ ও একাগ্রতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি মোবাইল ফোনের কারণে বিদ্যালয়ে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা, সাইবার বুলিং এবং সামাজিক বিচ্ছিন্নতার ঝুঁকিও বাড়ে। এ কারণেই আগে স্কুল ও কলেজে চালু থাকা মোবাইল ব্যবহারের বিধিনিষেধ এবার উচ্চবিদ্যালয় পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে।
তবে নতুন নিয়ম বাস্তবায়ন নিয়ে কিছু চ্যালেঞ্জও রয়েছে। অনেক উচ্চবিদ্যালয়কে নিজেদের অভ্যন্তরীণ নীতিমালা সংশোধন করতে হবে এবং শিক্ষার্থীদের ফোন সংরক্ষণের জন্য লকার, বিশেষ পাউচ বা অন্যান্য ব্যবস্থা করতে হতে পারে। ফলে সব প্রতিষ্ঠানে প্রথম দিন থেকেই একইভাবে নিয়ম কার্যকর করা সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
ফ্রান্স সরকারের এই উদ্যোগ বিশ্বের অন্যান্য দেশের জন্যও শিক্ষাপ্রতিষ্ঠানে স্মার্টফোন ব্যবহারের বিষয়ে নতুন আলোচনার জন্ম দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
