আপনার মন্তব্য পাঠাতে ফর্মটি ব্যবহার করুন৷
আপনার বার্তা
বিষয়
আপনার বার্তা
আপনার নাম
নামের শেষাংশ
লিঙ্গ



ইমেল ঠিকানা
শহর
দেশ

এথেন্সে শেষ হলো ৫৪তম আন্তর্জাতিক বইমেলা

User Image
  ওয়েব নিউজ
প্রকাশিত - ২২ সেপ্টেম্বর, ২০২৬   ১২:০৯ এএম
webnews24
তানভীর মোল্লা, এথেন্স

গ্রিসের রাজধানী এথেন্সে শেষ হয়েছে ৫৪তম আন্তর্জাতিক বইমেলা। ৪ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত নগরীর ঐতিহাসিক পেদিওন তৌ আরেওস পার্কে অনুষ্ঠিত এ বইমেলায় অংশ নেয় ২১০টি প্রকাশনা সংস্থা। ২৮৫টি স্টলে বই প্রদর্শন ও বিক্রির পাশাপাশি পাঠকদের জন্য আয়োজন করা হয় ২০০টির বেশি সাংস্কৃতিক অনুষ্ঠান।

এবারের বইমেলার প্রতিপাদ্য ছিল ‘টেকসই উন্নয়ন: আগামীকালের স্থপতি হিসেবে বই’। বই ও জ্ঞানচর্চার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই সমাজ নির্মাণের গুরুত্ব তুলে ধরা হয় এবারের আয়োজনে। জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে সামনে রেখে শিক্ষা, সামাজিক সমতা, পরিবেশ সুরক্ষা, দায়িত্বশীল ভোগ, সাংস্কৃতিক অন্তর্ভুক্তি এবং টেকসই নগর উন্নয়নের মতো বিষয়গুলো আলোচনায় স্থান পায়।

বইমেলায় সাহিত্য ও সাংস্কৃতিক আলোচনা, লেখকদের সঙ্গে মতবিনিময়, কনসার্ট, থিয়েটার পরিবেশনা, শিশুদের কর্মশালা এবং বিভিন্ন সৃজনশীল কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসব আয়োজন বইমেলাকে বই প্রদর্শন ও বিক্রির পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ মিলনমেলায় পরিণত করে।

বইমেলার আন্তর্জাতিক পরিসরে বাংলা ভাষা, সাহিত্য ও প্রবাসী বাংলাদেশি লেখকদের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। ইউরো বাংলা প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি, লেখক ও সাংবাদিক তাইজুল ফয়েজ ইউরোপীয় পার্লামেন্ট অফিস ও গ্রিসে ইউরোপীয় কমিশনের প্রতিনিধিত্বকারী কার্যালয়ের স্টলে বাংলা ভাষা ও সাহিত্যের প্রসার নিয়ে কথা বলেন।

এ সময় তিনি গ্রিসসহ ইউরোপের বিভিন্ন দেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের প্রবাসী বাঙালিদের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতিকে আরও বেশি করে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজনে বাংলা ভাষাভাষী লেখক ও সাহিত্যিকদের অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

এবারের বইমেলার অন্যতম আকর্ষণ ছিল উদীয়মান লেখকদের নিয়ে তিন দিনব্যাপী বিশেষ আয়োজন। পাশাপাশি হেলেনিক কমিকস একাডেমির উদ্যোগে অনুষ্ঠান এবং শিশুদের অধিকার, পাঠাভ্যাস ও সৃজনশীলতা নিয়ে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়।

চিলড্রেন’স রাইটস নেটওয়ার্ক, গ্রিক IBBY, ইউরোপীয় পার্লামেন্ট অফিস ও গ্রিসে ইউরোপীয় কমিশনের প্রতিনিধিত্বকারী কার্যালয়ের সহযোগিতায় বিভিন্ন গোলটেবিল আলোচনারও আয়োজন করা হয়।

এথেন্সের অন্যতম গুরুত্বপূর্ণ বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজন হিসেবে ৫৪তম আন্তর্জাতিক বইমেলাতেও বইপ্রেমীদের ব্যাপক আগ্রহ দেখা যায়। বইকে আগামী দিনের সমাজ নির্মাণের অন্যতম হাতিয়ার হিসেবে তুলে ধরা এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে জ্ঞানচর্চার ভূমিকা জোরালো করাই ছিল এবারের আয়োজনের অন্যতম প্রধান বার্তা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন