ওয়েব নিউজ |
ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. এ. তালহাকে গতকাল ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স। বাংলাদেশ দূতাবাস, প্যারিসে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা রাষ্ট্রদূত খন্দকার এম এ তালহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান, সেবা প্রদান এবং কল্যাণমূলক কার্যক্রমে দূতাবাসকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন তারা।
জালালাবাদ এসোসিয়েশনের নেতাকর্মীরা বলেন, প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে দূতাবাসের পাশে থেকে কাজ করতে তারা প্রস্তুত। প্রবাসীদের সমস্যা নিরসনে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।
জবাবে রাষ্ট্রদূত খন্দকার এম এ তালহা জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দের উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, প্রবাসীদের কল্যাণে যেকোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে জালালাবাদ এসোসিয়েশনকে অবহিত করা হবে। প্রয়োজনে দূতাবাস ও সংগঠনটি যৌথভাবে প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিরসনে কাজ করবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন।
সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ দূতাবাস ও জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং প্রবাসীদের কল্যাণে ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
