ওয়েব নিউজ |
ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসকে কেন্দ্র করে প্রভাবশালী সিন্ডিকেট গড়ে ওঠার অভিযোগ তুলেছেন বিএনপি ও জাতীয়তাবাদী যুবদলের একাধিক নেতাকর্মী। তাঁদের অভিযোগ, বিএনপির কয়েকজন সিনিয়র নেতা দূতাবাসের কনসুলার সেবার দায়িত্বে থাকা কর্মকর্তা ওয়ালিদ বিন কাশেমের সঙ্গে যোগসাজশ করে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ওপর একচ্ছত্র প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। কথিত এই প্রভাববলয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্স যুবদলের নেতাকর্মীরা।
ফ্রান্স যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লায়েক আহমদ তালুকদার, ফ্রান্স বিএনপির সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম শিপারসহ বিএনপি ও যুবদলের কয়েকজন নেতাকর্মীর দেওয়া তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর বাংলাদেশ দূতাবাসের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে এই অসন্তোষ প্রকাশ্যে আসে। তাঁদের অভিযোগ, অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যুবদলের কয়েকজন নেতার নামে আমন্ত্রণপত্র ইস্যু হওয়ার পরও একটি প্রভাবশালী মহল তা আটকে রাখার চেষ্টা করে। পরবর্তী সময়ে কেন্দ্রীয় পর্যায়ে একজন মন্ত্রীর হস্তক্ষেপে কয়েকজন নেতার হাতে প্রবেশপত্র পৌঁছায়।
লায়েক আহমদ তালুকদার, জাহিদুল ইসলাম শিপারসহ বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের অভিযোগ, আমন্ত্রণপত্র বিতরণে পক্ষপাতের শিকার শুধু রাজনৈতিক নেতাকর্মীরাই নন; ফ্রান্সে কর্মরত সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের পরিচিত ব্যক্তিরাও এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তাঁদের দাবি, একদিকে যোগ্য ও সংশ্লিষ্ট অনেক ব্যক্তিকে আমন্ত্রণ থেকে বঞ্চিত করা হয়েছে, অন্যদিকে আমন্ত্রণ পাওয়ার যোগ্যতা ও সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন রয়েছে, এমন ব্যক্তিদেরও অনুষ্ঠানে অতিথি হিসেবে দেখা গেছে।
প্রবেশপত্র হাতে পাওয়ার পরও যুবদলের সংশ্লিষ্ট নেতারা অনুষ্ঠান বর্জন করেন। তাঁদের বক্তব্য, বিষয়টি ব্যক্তিগত আমন্ত্রণ পাওয়ার নয়; বরং ফ্রান্সে বসবাসরত সব বাংলাদেশির জন্য রাষ্ট্রীয় অনুষ্ঠানে সমান অংশগ্রহণের অধিকার নিশ্চিত করার দাবি।
২৩ নভেম্বরের অনুষ্ঠান ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে অতিথি তালিকা নিয়েও। ফ্রান্স যুবদলের অনুমোদিত কমিটির নেতাকর্মীদের দাবী, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বিরোধিতা করেছিলেন কিংবা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত, এমন কয়েকজন ব্যক্তি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন। অথচ গণঅভ্যুত্থানে প্রত্যক্ষভাবে অংশ নেওয়া কিংবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অনেক প্রবাসী বাংলাদেশি আমন্ত্রণ পাননি। এ নিয়ে তাঁদের প্রশ্ন, গণঅভ্যুত্থানে ভূমিকা রাখা ব্যক্তিদের উপেক্ষা করে বিতর্কিত রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিদের আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে কী মানদণ্ড অনুসরণ করা হয়েছে?
এদিকে, প্রবাসী রাজনৈতিক অঙ্গনের কয়েকজনের অভিযোগ, দূতাবাসকে ঘিরে কথিত প্রভাববলয়ের সঙ্গে মাহবুব হোসেন ও আরিফুল্লাহ নামের দুজন পরিচিত ব্যক্তি জড়িত। আমন্ত্রণপত্র বিতরণসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁদের প্রভাব রয়েছে বলেও অভিযোগ উঠেছে।
অন্যদিকে, সাবেক বিএনপি নেতা ও ফ্রান্স বিএনপির সাবেক সেক্রেটারি এম এ তাহের তাঁর ব্যক্তিগত ফেসবুক পোস্টে ২৩ নভেম্বরের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন। বিএনপির আরও কয়েকজন নেতাও অনুষ্ঠান বর্জন করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে যুবদলের অনুমোদিত কমিটির নেতাকর্মীদের দাবী , তাহেরের এই বয়কট প্রকৃত অর্থে বয়কট নয়, বরং লোকদেখানো বা নাটকীয় অবস্থান। এ বিষয়ে তাহেরের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন এ বিষয়টি পড়ে জানাবেন বলে ফোনের লাইনটি কেটে দেন ।
দূতাবাসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু ফোন রিসিভ না করায় তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে অভিযোগে নাম আসা মাহবুব হোসেন ও আরিফুল্লাহর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরাও ফোন রিসিভ করেননি। ফলে তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
যুবদলের নেতাকর্মীদের অভিযোগ, অতীতে আওয়ামী লীগ সরকারের সময় দূতাবাসকে ঘিরে একটি গোষ্ঠীর একচ্ছত্র প্রভাবের যে অভিযোগ ছিল, বর্তমান পরিস্থিতিতে তার পুনরাবৃত্তির আশঙ্কা তৈরি হয়েছে। তাঁদের দাবি, দূতাবাস কোনো ব্যক্তি বা রাজনৈতিক গোষ্ঠীর সম্পত্তি নয়; এটি বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তাই রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে কাউকে প্রাধান্য দেওয়া বা কাউকে বঞ্চিত করা উচিত নয়।
জাহিদুল ইসলাম শিপারসহ অভিযোগকারী নেতাকর্মীদের বক্তব্য, দূতাবাসকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা, আমন্ত্রণপত্র বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সব প্রবাসী বাংলাদেশির সমান অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁরা সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হচ্ছেন। কথিত সিন্ডিকেটের সঙ্গে কারা জড়িত এবং কীভাবে তারা প্রভাব বিস্তার করছে, সে বিষয়ে তথ্য-প্রমাণ জনসমক্ষে তুলে ধরার পরিকল্পনাও রয়েছে বলে তাঁরা জানিয়েছেন।
