আপনার মন্তব্য পাঠাতে ফর্মটি ব্যবহার করুন৷
আপনার বার্তা
বিষয়
আপনার বার্তা
আপনার নাম
নামের শেষাংশ
লিঙ্গ



ইমেল ঠিকানা
শহর
দেশ

প্যারিসে ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী, প্রবাসীদের অধিকার তুলে ধরার আহ্বান

User Image
  ওয়েব নিউজ
প্রকাশিত - ১৭ নভেম্বর, ২০২৬   ১০:২৬ পিএম
webnews24
ছবি: || ওয়েব নিউজ
বদরুল বিন আফরোজ , ফ্রান্স

প্রবাসী বাংলাদেশিদের অধিকার, সমস্যা ও প্রত্যাশা সরকারের কাছে তুলে ধরতে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও সোচ্চার ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতারা। তাঁরা বলেছেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও প্রবাসীদের নানা সমস্যা ও নাগরিক অধিকার যথাযথ গুরুত্ব পায় না। এসব বিষয় অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে তুলে ধরা প্রয়োজন।

জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৭ বছর পূর্তি ও ২৮ বছরে পদার্পণ উপলক্ষে ১৬ নভেম্বর সন্ধ্যায় ফ্রান্সের রাজধানী প্যারিসের লিগ্যাল এইড হলরুমে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবির পাশাপাশি প্যারিস-ঢাকা সরাসরি বিমান চলাচল চালু এবং বাংলাদেশ দূতাবাসের সেবার মান উন্নয়নের বিষয়টি গুরুত্ব পায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্সের কমিউনিটি নেতা সালেহ আহমদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) সভাপতি ও ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের প্রতিষ্ঠাতা কাজী এনায়েত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্জ-লে-গোনেসের কাউন্সিলর তানিয়া টুনু এবং সেন্ট ডেনিস কাউন্সিলর নাহিদুল মোহাম্মদ। অনুষ্ঠানটির আয়োজন করেন দৈনিক ভোরের চেতনার ফ্রান্স প্রতিনিধি মোহাম্মদ জুনেদ আহমদ।

বক্তারা বলেন, বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলো প্রবাসীদের অন্যতম প্রধান ভরসাস্থল। পাসপোর্ট, কনস্যুলার সেবা, প্রয়োজনীয় নথিপত্র এবং প্রশাসনিক সহযোগিতা পেতে প্রবাসীদের নানা ধরনের ভোগান্তির মুখোমুখি হতে হয়। এসব সেবা আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করা প্রয়োজন। একই সঙ্গে সেবার ঘাটতি ও অনিয়ম থাকলে তা তথ্য-প্রমাণের ভিত্তিতে গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তাঁরা।

প্রধান অতিথি কাজী এনায়েত উল্লাহ বলেন, প্রবাসীদের বাস্তব সমস্যা ও প্রত্যাশা জানতে হলে তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে হবে। দূতাবাসের কার্যক্রম আরও প্রবাসীবান্ধব করা জরুরি। সাংবাদিকদের দায়িত্ব শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; সমাজের বাস্তব চিত্র তুলে ধরাও তাঁদের দায়িত্ব। সত্য ও জনস্বার্থের প্রশ্নে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখতে হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক ও সাংগঠনিক মতপার্থক্য থাকলেও প্রবাসীদের অধিকার, মর্যাদা ও কল্যাণের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কমিউনিটি নেতা, সাংবাদিক, সামাজিক সংগঠন ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় বাড়লে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব।

বিশেষ অতিথি কাউন্সিলর তানিয়া টুনু প্রবাসী বাংলাদেশিদের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, কমিউনিটির সামগ্রিক উন্নয়নে নারীদের সক্রিয় সম্পৃক্ততা প্রয়োজন। নাগরিক অধিকার ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা এবং বাস্তব সমস্যাগুলো সরকারের কাছে তুলে ধরার ওপরও তিনি জোর দেন।

কাউন্সিলর নাহিদুল মোহাম্মদ প্রবাসীদের অধিকার ও অর্জন নিয়ে গণমাধ্যমকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সাংবাদিকদের সহযোগিতা পেলে প্রবাসী কমিউনিটির কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব। এ সময় তিনি ফ্রান্সের সাঁ-দেনিতে একটি শহীদ মিনার নির্মাণের উদ্যোগের কথাও জানান। বাংলা ভাষা ও ভাষাশহীদদের স্মৃতি সংরক্ষণে এ উদ্যোগ বাস্তবায়নে কমিউনিটির সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে প্যারিস-ঢাকা সরাসরি বিমান চলাচল চালুর দাবিও জোরালোভাবে উঠে আসে। বক্তারা বলেন, ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের বাংলাদেশে যাতায়াতের ক্ষেত্রে তৃতীয় কোনো দেশে ট্রানজিট নিতে হয়। এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের ভোগান্তি বাড়ে। সরাসরি ফ্লাইট চালু হলে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি দুই দেশের ব্যবসা-বাণিজ্য, পর্যটন ও যোগাযোগব্যবস্থাও উপকৃত হবে।

অনুষ্ঠানের একপর্যায়ে টেলিফোনে যুক্ত হন দৈনিক ভোরের চেতনার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি প্রবাসীদের সমস্যা, অধিকার ও দাবিগুলো সংবাদপত্রে গুরুত্বের সঙ্গে প্রকাশের আশ্বাস দেন। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে পত্রিকাটি ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

আলোচনায় অংশ নেওয়া অন্যান্য বক্তা ও প্রবাসীরা সংবাদমাধ্যমের শিরোনাম এবং মূল সংবাদের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন। তাঁদের মতে, পাঠক আকর্ষণের জন্য বিভ্রান্তিকর শিরোনাম ব্যবহার সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন করে। সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই এবং নিরপেক্ষতা বজায় রাখা জরুরি।

বক্তারা বলেন, সংবাদপত্রের প্রধান শক্তি পাঠকের আস্থা। তাই প্রবাসীদের সমস্যা, অধিকার, সাফল্য ও সম্ভাবনার পাশাপাশি দেশের সঙ্গে তাঁদের সম্পর্কের বিষয়গুলোও নিয়মিত গুরুত্ব দিয়ে প্রকাশ করা প্রয়োজন।

কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়। এতে ফ্রান্সে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশি, সাংবাদিক, কমিউনিটি নেতা ও ব্যবসায়ীরা অংশ নেন।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
প্রবাসে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রসারে প্যারিস