ওয়েব নিউজ |
নোয়াখালীকে পৃথক প্রশাসনিক বিভাগ করার দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে আন্দোলন ও মানববন্ধন করেছেন নোয়াখালী প্রবাসী বাংলাদেশিরা।
রোববার বিকেল সাড়ে চারটায় প্যারিসের পোর্ত দ্য লা ভিলেত পার্কে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে বৃহত্তর নোয়াখালীর প্রায় এক থেকে দেড়শ প্রবাসী বাংলাদেশি অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের হাতে ছিল নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন।
কর্মসূচিতে বিভিন্ন স্লোগান দেন তারা। তাদের স্লোগানের মধ্যে ছিল, নোয়াখালী বিভাগ চাই” এবং “টাকা লাগলে টাকা নে, নোয়াখালী বিভাগে দে।
আন্দোলনকারীরা বলেন, বৃহত্তর নোয়াখালীর মানুষের দীর্ঘদিনের দাবি নোয়াখালীকে একটি স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ হিসেবে প্রতিষ্ঠা করা।
তাদের দাবি, বৃহত্তর এই অঞ্চলের মানুষের প্রশাসনিক সেবা আরও সহজ করা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের ভোগান্তি কমাতে নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা প্রয়োজন। কর্মসূচিতে বক্তারা বৃহত্তর নোয়াখালীর রাজনৈতিক ও ঐতিহাসিক গুরুত্বের কথাও তুলে ধরেন।
তারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। মুক্তিযুদ্ধের সময় তৎকালীন মেজর জিয়াউর রহমানের নেতৃত্বাধীন বাহিনী চট্টগ্রাম ও বৃহত্তর নোয়াখালী এলাকায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে। পরবর্তীতে জিয়াউর রহমান বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি প্রতিষ্ঠা করেন।
আন্দোলনকারীরা আরও বলেন, দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে বৃহত্তর নোয়াখালীর মানুষের অংশগ্রহণ রয়েছে। তাই দীর্ঘদিনের এই অঞ্চলের প্রশাসনিক দাবি বিবেচনায় নিয়ে নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ করার উদ্যোগ নেওয়া উচিত।
বক্তারা বলেন, নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবি শুধু দেশের মানুষের নয়, প্রবাসী নোয়াখালীবাসীরও দীর্ঘদিনের প্রত্যাশা। প্যারিসের এই কর্মসূচির মাধ্যমে তারা নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে প্রবাসীদের এই কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।
