ওয়েব নিউজ |
ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির মানুষের প্রশাসনিক সেবা সহজ ও সবার নাগালে পৌঁছে দিতে প্যারিসের অবারভিলিয়ে (Aubervilliers) এলাকায় মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ADAF Aubervilliers-এর নতুন প্রশাসনিক সহায়তা কেন্দ্র।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠক, ব্যবসায়ী, শিক্ষার্থী, প্রবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অতিথিদের উপস্থিতিতে কেক কেটে নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে মিলাদ, দোয়া ও মিষ্টিমুখের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
নতুন এই কেন্দ্র থেকে শুধু বাংলাদেশি কমিউনিটিই নয়, ফ্রান্সে বসবাসরত বিভিন্ন দেশের অভিবাসীরাও প্রশাসনিক (Administrative) বিভিন্ন বিষয়ে পরামর্শ ও সহায়তা পাবেন। পাশাপাশি নতুন অভিবাসীদের জন্য ফরাসি ভাষা শেখার প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে, যা তাদের কর্মসংস্থান ও দৈনন্দিন জীবনকে আরও সহজ করবে।
এক সময় ভাষাগত সীমাবদ্ধতার কারণে ফ্রান্সে বসবাসরত অনেক বাংলাদেশিকে প্রশাসনিক কাজ সম্পন্ন করতে অন্য কমিউনিটির বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হতো। ফলে নিজের সমস্যার কথা স্পষ্টভাবে তুলে ধরতে না পারা, কাগজপত্রের জটিলতা এবং সঠিক সমাধান না পাওয়ার মতো নানা সমস্যার মুখোমুখি হতে হতো।
ADAF Aubervilliers-এর মাধ্যমে এখন বাংলাদেশিরা নিজেদের মাতৃভাষায় সমস্যার কথা বুঝিয়ে আবাসন, বিভিন্ন সরকারি কাগজপত্র, প্রশাসনিক আবেদন, ফর্ম পূরণ, সরকারি চিঠিপত্রসহ নানা ধরনের প্রশাসনিক সেবা সহজেই গ্রহণ করতে পারবেন। এতে যেমন সময় সাশ্রয় হবে, তেমনি ভুল বোঝাবুঝি ও প্রশাসনিক জটিলতাও অনেকাংশে কমে আসবে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, প্রবাসে বাংলাদেশিদের জন্য এ ধরনের একটি প্রতিষ্ঠান দীর্ঘদিনের চাহিদা ছিল। এটি শুধু প্রশাসনিক সহায়তার কেন্দ্র নয়, বরং নতুন অভিবাসীদের জন্য একটি নির্ভরযোগ্য দিকনির্দেশনা ও ভাষা শিক্ষার কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ADAF কর্তৃপক্ষ জানিয়েছে, প্যারিস থেকে কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে Aubervilliers এলাকায় বৃহত্তর পরিসরে এই নতুন অফিস চালু করা হয়েছে, যাতে আরও বেশি মানুষ সহজে, দ্রুত এবং নিজ মাতৃভাষায় মানসম্মত প্রশাসনিক সেবা গ্রহণ করতে পারেন।
প্রবাসীদের প্রত্যাশা, এই উদ্যোগ ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির প্রশাসনিক সেবা গ্রহণকে আরও সহজ করবে এবং নতুন অভিবাসীদের ফরাসি সমাজে দ্রুত মানিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
