আপনার মন্তব্য পাঠাতে ফর্মটি ব্যবহার করুন৷
আপনার বার্তা
বিষয়
আপনার বার্তা
আপনার নাম
নামের শেষাংশ
লিঙ্গ



ইমেল ঠিকানা
শহর
দেশ

ফ্রান্সে জালালাবাদ অ্যাসোসিয়েশন নিয়ে অনিয়মের অভিযোগ, নতুন কমিটি গঠনের ঘোষণা

User Image
  ওয়েব নিউজ
প্রকাশিত - ২৯ জুন, ২০২৬   ১২:২৩ এএম
webnews24
ছবি: || ওয়েব নিউজ
বদরুল বিন আফরোজ , ফ্রান্স

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন, ফ্রান্স-এর বর্তমান কার্যক্রমে দীর্ঘদিনের সাংগঠনিক, প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলে সংগঠনটি পুনর্গঠনের লক্ষ্যে নতুন কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন একদল সাবেক নেতা ও আজীবন সদস্য।

২৮ জুন ২০২৬ (রবিবার) রাত ৮টায় ফ্রান্সের লিগ্যাল এইড হলরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনের শুরুতে সংগঠনের সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক আলতাফুর রহমান লিখিত বক্তব্যের প্রেক্ষাপট তুলে ধরেন। পরে সংগঠনের সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য আজাদ মিয়া লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে দাবি করা হয়, ২০১৮ সালে নিবন্ধনের পর জালালাবাদ অ্যাসোসিয়েশন, ফ্রান্স বিভিন্ন সামাজিক ও প্রবাসী কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করলেও গত কয়েক বছরে গঠনতন্ত্র অনুযায়ী নিয়মিত নির্বাচন না হওয়া, দীর্ঘদিন একই নেতৃত্ব বহাল থাকা এবং সাংগঠনিক স্বচ্ছতার অভাবে সংগঠনটির কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

বক্তারা অভিযোগ করেন, ২০২২ সালে সুনামগঞ্জের বন্যার্তদের সহায়তায় গঠিত তহবিলের অর্থের একটি অংশ বিতরণ করা হলেও অবশিষ্ট অর্থ এখনও বিতরণ করা হয়নি। তাদের দাবি, ওই তহবিলের ৯০০ ইউরো সংগঠনের সাধারণ সম্পাদক আলী হোসেনের কাছে রয়েছে, যা এখনো বন্যার্তদের কাছে পৌঁছায়নি।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বক্তারা বলেন, সংগঠনের নামে কোনো ব্যাংক হিসাব না থাকায় অর্থ ব্যক্তিগতভাবে সংরক্ষণ করা হয়েছিল। ব্যাংক হিসাব না থাকার কারণ জানতে চাইলে তারা দাবি করেন, রাজনৈতিক প্রভাব এবং সভাপতি দীর্ঘ সময় ফ্রান্সের বাইরে অবস্থান করায় সংগঠনের নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা সম্ভব হয়নি।

সংবাদ সম্মেলনে বর্তমান সভাপতি হেনু মিয়া ও সাধারণ সম্পাদক আলী হোসেনের নেতৃত্বের সমালোচনা করে বক্তারা বলেন, দীর্ঘদিন নেতৃত্বে পরিবর্তন না হওয়ায় সংগঠনের কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে এবং কার্যকর নির্বাহী পরিষদ গঠন সম্ভব হয়নি।

এ সময় উপস্থিত সাংবাদিকরা সংগঠনের সাম্প্রতিক কার্যক্রম, বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন এবং আর্থিক স্বচ্ছতা নিয়ে একাধিক প্রশ্ন উত্থাপন করেন। বক্তারা বিভিন্ন সামাজিক উদ্যোগ ও প্রকল্পের কথা উল্লেখ করলেও সেসব দাবির পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো লিখিত নথি বা তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেননি। এছাড়া সাংবাদিকদের করা বেশ কয়েকটি প্রশ্নেরও সন্তোষজনক উত্তর দিতে পারেননি তারা।

এক পর্যায়ে সাংবাদিক বদরুল বিন আফরোজ প্রশ্ন করেন, "গত কয়েক বছরের কার্যক্রম বিবেচনায় সাধারণ প্রবাসীরা কি জালালাবাদ অ্যাসোসিয়েশনকে একটি সক্রিয় সংগঠন হিসেবে দেখবেন? যদি দেখে থাকেন, তাহলে সেই দাবির পক্ষে কী কী বাস্তব উদাহরণ রয়েছে? জবাবে বক্তারা বিভিন্ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করলেও সেগুলোর পক্ষে নির্দিষ্ট তথ্য বা প্রামাণ্য নথি উপস্থাপন করতে পারেননি।

তবে বক্তারা আশ্বাস দেন, নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার পর ভবিষ্যতে যেন এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সংগঠনের গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংশোধন আনা হবে এবং স্বচ্ছতা, জবাবদিহি ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করা হবে।

সংবাদ সম্মেলনে সংগঠন পুনর্গঠনের জন্য তিন দফা কর্মসূচিও ঘোষণা করা হয়। এর মধ্যে আগামী ৩১ জুলাই-এর মধ্যে ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের চার জেলার সদস্য অন্তর্ভুক্তি, ১৫ আগস্ট-এর মধ্যে নির্বাচন কমিশন গঠন এবং ৩০ আগস্ট সাধারণ সভার মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণার পরিকল্পনার কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সহ-সভাপতি আলাউদ্দিন রহমান, খসরুজ্জামান, জাবেদ হোসেন, মোহাম্মদ হান্নান, আজাদ মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মোজাহিদ, সাবেক সহ-অর্থ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাবেক কার্যনির্বাহী সদস্য কাদির আহমেদ সহ অন্যান্য সদস্য।

উল্লেখ্য, এ প্রতিবেদনটি সংবাদ সম্মেলনে উপস্থাপিত লিখিত বক্তব্য, উপস্থিত বক্তাদের বক্তব্য এবং সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলোর বিষয়ে বর্তমান সভাপতি হেনু মিয়া ও সাধারণ সম্পাদক আলী হোসেনের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
 

প্যারিস বাংলাদেশ দূতাবাস প্রবাসী জালালাবাদ অ্যাসোসিয়েশন
ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মঞ্চে নাম ঘোষণার চেয়ে ছবি তোলাতেই বেশি ব্যস্ততা!
মঞ্চে সম্মাননা, পর্দার আড়ালে হিসাবের খাতা?