ওয়েব নিউজ |
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইতালিতে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেছে ইতালি বিএনপি। সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও আগুন সন্ত্রাসের অপচেষ্টার অভিযোগ তুলে এর নিন্দা জানান।
ইতালি বিএনপির সহসভাপতি হাসানুজ্জামান কামরুলের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. তৌহিদ কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপির সাবেক সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রোম মহানগর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার।
বক্তারা তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তাঁরা বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিরা নতুন সম্ভাবনার প্রত্যাশা করছেন।
আলোচনা সভায় বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তাঁদের অভিযোগ, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া একটি মহল আবারও আগুন সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে যুবদলের নেতারাও আগুন সন্ত্রাসের ষড়যন্ত্রের অভিযোগের নিন্দা জানান এবং এ বিষয়ে ইতালি বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক সহসভাপতি মোজাম্মেল হোসেন দিপু, অ্যাডভোকেট কামরুজ্জামান জামান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান মোল্লা ও আল আমিন বিশ্বাস, যুবদলের সভাপতি জাকির হোসেন গনি, সিনিয়র সহসভাপতি মাহমুদুল হাসান, রোম মহানগর বিএনপির সহসভাপতি বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান শিকদার, জিয়া সাইবার ফোর্সের সভাপতি সাব্বির আহমেদ, নারী নেত্রী লায়লা শাহ ও জহুরা ইশিতা।
এ ছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, জিয়া পরিষদ, সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম এবং মানিকগঞ্জ, শরীয়তপুর, নরসিংদী, বরিশাল, কুমিল্লা ও ফেনী জেলা বিএনপির নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভা শেষে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
