ওয়েব নিউজ |
ইতালির রাজধানী রোমের আন্তসাংস্কৃতিক সহাবস্থানবিষয়ক পরামর্শ পরিষদের ১৫ সদস্যের পরিচালনা কমিটিতে নির্বাচিত হয়েছেন দুই বাংলাদেশি। তাঁরা হলেন মুক্তার হোসেন মার্ক ও পাপিয়া আক্তার। পরিষদের নির্বাচনে নারী ও পুরুষ বিভাগে সর্বোচ্চ ভোট পেয়েছেন তাঁরা।
গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত পরিষদের দ্বিতীয় সাধারণ সভায় বিভিন্ন দেশের অভিবাসী সংগঠন ও কমিউনিটির প্রতিনিধিদের অংশগ্রহণে পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে নারী প্রতিনিধি হিসেবে পাপিয়া আক্তার এবং পুরুষ প্রতিনিধি হিসেবে মুক্তার হোসেন মার্ক নির্বাচিত হন। ২৪ নভেম্বর রোম মহানগর প্রশাসনের (Città Metropolitana di Roma Capitale) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
রোম ও আশপাশের মহানগর এলাকায় বসবাসরত প্রায় ৬ লাখ ৮০ হাজার বিদেশি নাগরিকের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কাজ করবে এই পরামর্শ পরিষদ। বিদেশিদের অধিকার সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সুযোগ বৃদ্ধি, সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং বর্ণবাদ ও বৈষম্য প্রতিরোধের মতো বিষয় পরিষদের কাজের অন্তর্ভুক্ত।
বর্তমানে পরিষদের সঙ্গে বিভিন্ন দেশের ১১৬টি সংগঠন ও কূটনৈতিক প্রতিনিধিরা যুক্ত রয়েছেন। আগামী ২০২৭ সালের জানুয়ারিতে আরও সংগঠনকে পরিষদের অন্তর্ভুক্ত করতে নতুন আবেদন আহ্বানের পরিকল্পনা রয়েছে।
পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তিৎজিয়ানা বিওলঘিনি বলেন, আন্তসাংস্কৃতিক সহাবস্থানকে একটি স্থায়ী ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় রূপ দেওয়া জরুরি। সবার মতামত শোনা, যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং নাগরিকদের অধিকার প্রয়োগের সুযোগ তৈরি করাই পরিষদের মূল লক্ষ্য।
পরিচালনা কমিটিতে দুই বাংলাদেশির নির্বাচিত হওয়ার ঘটনাকে ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য ইতিবাচক অর্জন হিসেবে দেখছেন প্রবাসীরা। তাঁদের মতে, এর মাধ্যমে স্থানীয় প্রশাসনের কাছে বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, অধিকার ও প্রত্যাশা তুলে ধরার সুযোগ আরও বাড়বে।
