আপনার মন্তব্য পাঠাতে ফর্মটি ব্যবহার করুন৷
আপনার বার্তা
বিষয়
আপনার বার্তা
আপনার নাম
নামের শেষাংশ
লিঙ্গ



ইমেল ঠিকানা
শহর
দেশ

ফ্রান্সে সিলেট বিভাগ গণদাবি পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন

User Image
  ওয়েব নিউজ
প্রকাশিত - ১২ অক্টোবর, ২০২৬   ১০:১৯ পিএম
webnews24
ছবি: || ওয়েব নিউজ
আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সে সিলেট বিভাগ গণদাবি পরিষদের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। নতুন কমিটির আহ্বায়ক হয়েছেন লিগ্যাল এইড ফ্রান্সের পরিচালক আজাদ মিয়া। সদস্যসচিব করা হয়েছে প্রবাসী সাংবাদিক ও মানবাধিকারকর্মী আব্দুল মোমিত (রোমেল)।

গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান স্বাক্ষরিত এক পত্রে ফ্রান্স কমিটিকে অনুমোদন দেওয়া হয়। এর আগে গত ১ অক্টোবর অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন পাঠানো হয়েছিল।

অনুমোদিত কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মনোয়ার হুসেন (মোজাহিদ), মো. তাজ উদ্দিন, সালাহ উদ্দিন আহমেদ ও তৌফিকুল ইসলাম। কমিটির সদস্য হিসেবে রয়েছেন বদরুল বিন আফরুজ, আনসারী মোহাম্মদ আজাদ ও জিল্লুর রহমান। কমিটিতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রতিনিধিত্ব রয়েছে।

সংগঠনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা, তাঁদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া তুলে ধরা এবং সিলেট বিভাগের উন্নয়নসংশ্লিষ্ট বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনাই নতুন কমিটির অন্যতম লক্ষ্য।

নবগঠিত কমিটির আহ্বায়ক আজাদ মিয়া লিগ্যাল এইড ফ্রান্সের পরিচালক হিসেবে ফ্রান্সে বসবাসরত প্রবাসীদের আইনি সহায়তা ও পরামর্শ প্রদানের সঙ্গে যুক্ত রয়েছেন। অভিবাসনসংক্রান্ত জটিলতা, প্রশাসনিক প্রক্রিয়া এবং আইনি পরামর্শের প্রয়োজন রয়েছে এমন প্রবাসীদের সহায়তায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠা এবং তাঁদের বিভিন্ন সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার অভিজ্ঞতা নিয়ে তিনি সিলেট বিভাগ গণদাবি পরিষদের কার্যক্রমে নেতৃত্ব দেবেন। ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সংগঠিতভাবে তুলে ধরতে তাঁর এই অভিজ্ঞতা কাজে লাগবে বলে আশা করা হচ্ছে।

কমিটির সদস্যসচিব আব্দুল মোমিত (রোমেল) একজন প্রবাসী ফ্রিল্যান্স সাংবাদিক ও মানবাধিকারকর্মী। তিনি দৈনিক মানবজমিনের ফ্রান্স প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা, অধিকার ও দাবি-দাওয়া নিয়ে লেখালেখি করেন।

প্রবাসীদের পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় নাগরিক সেবা পেতে জটিলতা ও ভোগান্তির বিষয়গুলো তুলে ধরতে তিনি কাজ করছেন। প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে সাংবাদিকতার পাশাপাশি মানবাধিকার কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন তিনি।

আব্দুল মোমিতের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজের নির্বাহী সদস্য এবং ভয়েস ফর জাস্টিসের সদস্য হিসেবে কাজ করছেন। নতুন কমিটির মাধ্যমে প্রবাসীদের নাগরিক অধিকার, প্রয়োজনীয় নথিপত্র প্রাপ্তি এবং আইনি ও প্রশাসনিক জটিলতা নিরসনে ভূমিকা রাখতে চান তিনি।

সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্সের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো আবেদনপত্রে বলা হয়েছে, সিলেট বিভাগের প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও ন্যায্য দাবি-দাওয়া তুলে ধরা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা এবং বিভাগের মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার লক্ষ্য নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনটির প্রকাশিত তথ্য অনুযায়ী, ১৯৮৭ সাল থেকে সিলেট বিভাগের বিভিন্ন উন্নয়নমূলক দাবি আদায়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছে সিলেট বিভাগ গণদাবি পরিষদ। সংগঠনটির দাবি, সিলেটে রেলওয়ে স্টেশন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে তাদের আন্দোলন ভূমিকা রেখেছে।

বর্তমানে সংগঠনটির দাবির মধ্যে রয়েছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান চলাচলের সুযোগ সম্প্রসারণ, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম চালু, নদ-নদী খননের মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ এবং সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন। এ ছাড়া মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ স্থাপন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু, সিলেটে হাইকোর্ট বিভাগের বেঞ্চ পুনঃস্থাপন এবং শমশেরনগর বিমানবন্দর বাণিজ্যিকভাবে চালুর দাবিও রয়েছে।

সংগঠনটির মতে, এসব দাবি বাস্তবায়িত হলে সিলেট বিভাগের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

কেন্দ্রীয় কমিটির অনুমোদনের মধ্য দিয়ে ফ্রান্সে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাংগঠনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। নতুন কমিটির সামনে এখন ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা, তাঁদের সমস্যা ও দাবি চিহ্নিত করা এবং সিলেটের উন্নয়নসংশ্লিষ্ট বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার দায়িত্ব রয়েছে।

প্রবাসীদের আইনি ও প্রশাসনিক জটিলতা, নাগরিক সেবা এবং অধিকার প্রতিষ্ঠার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার সুযোগ রয়েছে নতুন কমিটির সামনে। একই সঙ্গে সিলেট বিভাগের দীর্ঘদিনের উন্নয়নমূলক দাবিগুলো তুলে ধরা এবং প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা রাখাও হবে তাদের অন্যতম চ্যালেঞ্জ।

প্যারিস বাংলাদেশ
ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
প্রবাসীদের কল্যাণে দূতাবাসের সঙ্গে যৌথভাবে কাজ করা